
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সময় হাতে হাতকড়া পরতে রাজি হননি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। প্রিজনভ্যান থেকে নামানোর সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তাঁর হাতে হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানিয়ে বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’
পরে হাতকড়া ছাড়াই তাঁকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় তিনি বলেন, ‘জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় এক পুলিশ সদস্য তাঁর হাতে হাতকড়া পরাতে গেলে তিনি বাধা দেন। এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ পুলিশ সদস্যের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতকড়া না পরিয়েই তাঁকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
পরে দুপুর ২টার দিকে জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে হাজির করা হয়। এ সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’
২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এদিন দুপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।
এই মামলায় মোট আসামি ৪১ জন। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্য ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।