
নারীর বাহ্যিক সৌন্দর্যের বদলে মেধা, জ্ঞান ও প্রতিভাকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। দেশটির সাংস্কৃতিক পরিচয়, সামাজিক মূল্যবোধ ও মানবমর্যাদা রক্ষার যুক্তিতে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞানে নারীদের দক্ষতা তুলে ধরতে চালু করা হয়েছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘হাকিলি মুসো’।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্যোগের তথ্য উঠে এসেছে।
দেশটির কর্তৃপক্ষ গত জুনে নতুন নীতিমালা তৈরির উদ্যোগের অংশ হিসেবে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে। সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি মানুষের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি এ সিদ্ধান্তের পেছনে গুরুত্ব পেয়েছে।
এরপর গত আগস্টে চালু হয় ‘হাকিলি মুসো’ নামের বিজ্ঞান প্রতিযোগিতা। এর উদ্দেশ্য, বিজ্ঞান বিষয়ে মেধাবী তরুণীদের খুঁজে বের করা, তাঁদের দক্ষতার স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করার মাধ্যমে উৎসাহিত করা।
গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে লড়াই
প্রতিযোগিতায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে অংশ নিতে একত্রিত হন ৮৪ জন তরুণী। তাঁদের প্রত্যেকেই চলতি বছর বিজ্ঞানে ব্যাকালোরেট বা উচ্চমাধ্যমিক-সমমানের ডিগ্রি অর্জন করেছেন।
মূল প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারীরা এক সপ্তাহের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেন। এরপর তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিষয়ে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়।
প্রথম স্থান অর্জনকারীরা পেয়েছেন ২০ লাখ সিএফএ ফ্রাঙ্ক, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার।
বিজয়ীদের উৎসাহ দিলেন রাষ্ট্রপতি
প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরে। এ সময় তিনি তরুণীদের নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখতে, বিজ্ঞানভিত্তিক পেশা বেছে নিতে এবং বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
পশ্চিম আফ্রিকার সমাজে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পেশাকে দীর্ঘদিন ধরে পুরুষদের ক্ষেত্র হিসেবে দেখার প্রবণতা রয়েছে। ‘হাকিলি মুসো’ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো এই ধারণাকে চ্যালেঞ্জ করা এবং বিজ্ঞানচর্চায় নারীদের সক্ষমতা তুলে ধরা।
বুরকিনা ফাসো সরকারের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ আরও বেশি নারীকে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি ও উচ্চশিক্ষায় যুক্ত হতে উৎসাহিত করবে। একই সঙ্গে সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা এবং নারীদের মেধা ও অর্জনের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত তৈরি হবে।