
সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে জাপান সরকার। দেশটির যেসব এলাকায় যাওয়া জরুরি নয়, সেসব স্থানে সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করা নাগরিকদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে বলেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) জারি করা হালনাগাদ নির্দেশনায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার জন্য সতর্কতার মাত্রা চার ধাপের সূচকে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।
অন্যদিকে, ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩-এ রাখা হয়েছে। এসব অঞ্চলে জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ
সৌদি আরবে হুথিদের হামলার ঝুঁকি বাড়ার কথা উল্লেখ করে দেশটির বিমানবন্দর ব্যবহার না করার এবং সেগুলোর আশপাশে যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো একটি হামলায় ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ।
ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় সৌদি আরবে ভবিষ্যতে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাপান সরকার। এ পরিস্থিতিতে দেশটিতে ভ্রমণের পরিকল্পনা করা নাগরিকদের সফর পিছিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নাগরিকদের সতর্ক থাকা এবং ভ্রমণের আগে সরকারি নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।