
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। তাদের মধ্যে ৩৫০ জনকে ‘কঠোর ও অমানবিক পরিস্থিতিতে’ বন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, আটক ফিলিস্তিনি শিশুদের ওপর বিভিন্ন ধরনের দমন-পীড়ন চালাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ভয়ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারের মধ্য দিয়ে শুরু হওয়া এসব পদক্ষেপের একপর্যায়ে শিশুদের নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির দাবি, কোনো অভিযোগ গঠন না করে কিংবা মুক্তির নির্দিষ্ট সময়সীমা ছাড়াই শিশুদের আটক রাখার নীতি তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। সংগঠনটির মতে, এ ধরনের পদক্ষেপ আরও গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় আটক থাকার কারণে শিশুরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পাশাপাশি তারা নিয়মিত পড়াশোনা এবং স্বাভাবিক পারিবারিক জীবনযাপনের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।
আটক ফিলিস্তিনি শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে শিশুদের নির্বিচারে আটক রাখার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং তাদের ওপর নির্যাতন, অনাহারে রাখা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মতে, আটক শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।