
বাংলাদেশ সরকারের সাবেক সচিব, রাষ্ট্রদূত এবং ১৯৫৮ ব্যাচের সিএসপি কর্মকর্তা এম. মুনির-উজ-জামান মারা গেছেন। বার্ধক্যজনিত জটিলতায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তাঁর মৃত্যুতে প্রশাসন ও কূটনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে একজন অভিজ্ঞ, দক্ষ ও দেশপ্রেমিক আমলা হিসেবে স্মরণ করছেন।
এম. মুনির-উজ-জামান ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি পাকিস্তান আমলে ১৯৫৮ ব্যাচের সিএসপি হিসেবে প্রশাসনিক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার আগে তিনি কিশোরগঞ্জের এসডিও, কুমিল্লার এডিসি, বগুড়ার ডিসি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেন।
স্বাধীন বাংলাদেশে তিনি বিদ্যুৎ, পানি, জ্বালানি ও খনিজ সম্পদ, বেসামরিক বিমান ও পর্যটন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ একাধিক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হোয়াইট পেপার সেলের প্রধান পরামর্শক হিসেবেও যুক্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এক সময় ব্রিটিশ বাংলার বিধানসভার সাবেক সদস্য এবং যশোরের চৌগাছার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনি ও প্রপৌত্র-প্রপৌত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।