
দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধান চলমান থাকা সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হকের স্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে মহাখালীর ডিওএইচ এলাকায় দুই হাজার ৭০০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। ফ্ল্যাটটির মূল্য দেওয়া হয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসীন মুনাবিল হক জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে। আত্মসাতের অর্থ বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য ছয় সদস্যর অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মহিবুল হকের স্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২৭০০ স্কয়ার ফিট আয়তনের একটি ফ্ল্যাট রয়েছে। তার নামে অর্জিত স্থাবর সম্পত্তি অন্যত হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে তার নামে থাকা স্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য তার স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।