
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোট কারচুপির অভিযোগে আইনি লড়াই আরও বিস্তৃত হচ্ছে। এবার বিএনপির আরও চার প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
সোমবার ২ মার্চ বিচারপতি মো. জাকির হোসেন এর নির্বাচনী ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
নতুন করে মামলা করা চার প্রার্থী হলেন কুড়িগ্রাম ২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর ৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর ৪ আসনের এমদাদুল হক ভরসা এবং রাজশাহী ১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদনের শুনানির জন্য হাইকোর্ট বিভাগে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদন গ্রহণ ও শুনানি পরিচালনা করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, এই বেঞ্চ অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীন দাখিল হওয়া ‘নির্বাচনী’ আবেদনপত্র গ্রহণ, সংশ্লিষ্ট রুল জারি এবং এ সংক্রান্ত বিষয় শুনানি করবেন। যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে, সেগুলোরও এখতিয়ার থাকবে এ আদালতের।
এর আগে নয়টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে নয়জন প্রার্থী পৃথকভাবে আবেদন করেছিলেন। এর মধ্যে চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।