
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
সোমবার (০২ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার-এর আদালতে আইভীর পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মারা যান ডাচ্ বাংলা ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশন কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক।
ঘটনার পর গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে আইভীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তিনি ইতোমধ্যে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ডা. সেলিনা হায়াৎ আইভী-কে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগার-এ আটক রয়েছেন।