
সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ।
রায়ের দিন এসকে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এসকে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য দুদক নোটিশ জারি করে।
তিনি ২০২৫ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করলেও আইন অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।
এ ঘটনায় ২০২৫ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করায় এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
পরে ২০২৫ সালের ২৫ আগস্ট দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।