
পটুয়াখালী জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে হৃদযন্ত্রের জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া জানান, শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য আগে তাকে বরিশাল এবং পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে আবার তাকে পটুয়াখালী কারাগারে আনা হয়। কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, "তার হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হতো। আজ বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।"
কারা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল।
উল্লেখ্য, শফিকুল ইসলাম খাঁন পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তার মরদেহ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।