
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
রিটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করার পাশাপাশি দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা না করার বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে ওই নোটিশে।
গত ১৮ নভেম্বর জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। নোটিশে বলা হয়, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিবের পাশাপাশি পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ওই নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়।