
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা হামলার পর নগরীর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব প্রতিষ্ঠানে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এর মধ্যে সন্ত্রাস দমনে সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে।
নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য কিংবা সন্ত্রাসীদের সম্পৃক্ততা—কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তাঁর ধারণা, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটির বিস্ফোরণে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। জাতীয় পর্যায়ে সংবাদ তৈরি করা এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেও এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারাও এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে এসব ঘটনার পেছনে যে কারণই থাকুক না কেন, সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করাই এর উদ্দেশ্য বলে তিনি মনে করেন।
কেসিসি প্রশাসক জানান, গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, এ বিষয়ে দ্রুতই অগ্রগতির তথ্য জানানো সম্ভব হবে। এ ঘটনায় একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি। সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, নগর ভবনে বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, সন্ত্রাস দমনে সোমবার সকাল থেকে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অভিযান চালানোর পাশাপাশি টহল দেবেন।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা ছিল। তবে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর এসব এলাকায় টহল আরও বাড়ানো হয়েছে।
এদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে, সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশেষ অভিযানও চালানো হচ্ছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযানের সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি এবং তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট স্থাপন ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।