
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় দলের সভা আহ্বান করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ গ্রহণের পর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।