
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে দু'পক্ষের ধাক্কাধাক্কিতে নয়া সভাপতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালেহ আহমেদ (৬০) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে ও স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন।
স্থানীয়রা জানান, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব সালেহ আহমেদ। তবে, তার সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি তোলেন একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তার সহযোগীরা।
আরও জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে এ বিষয় নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে সালেহ আহমেদ মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মুসল্লিরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।