
সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে তা বিলুপ্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের উদ্যোগ বেশিদূর এগোতে পারবে না। এ কারণে বর্তমান কমিটিতে এনসিপি অংশ নেবে না।
শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। বর্তমান সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সরকারকে এ উদ্যোগ নিতে আবারও আহ্বান জানাচ্ছে এনসিপি।
তিনি বলেন, সরকার বিভিন্ন সময়ে সংস্কার বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। ১৯৯০ সালে তিন জোটের রূপরেখার পর বিএনপি ক্ষমতায় এলেও সেই রূপরেখা বাস্তবায়নে আগ্রহ দেখায়নি। তাঁর মতে, একইভাবে দলটি জুলাইয়ের সংস্কার প্রস্তাবগুলোও বাস্তবায়ন করতে চাইছে না।
আখতার হোসেন বলেন, জনগণের সমর্থন ছাড়া কেবল সংসদে দুই-তৃতীয়াংশ আসন থাকার কারণে সব সিদ্ধান্ত এগিয়ে নেওয়া সম্ভব নয়। জনগণের সঙ্গে প্রতারণা করে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না বলেও সরকারকে সতর্ক করেন তিনি।
গণভোটের রায় মেনে পরিষদ গঠনের দাবি
আখতার হোসেন বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিন ১৭ জুলাইকে সামনে রেখে সরকারকে আবারও স্পষ্ট বার্তা দিতে চায় এনসিপি। একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।
তাঁর ভাষ্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক কাঠামোয় পরিবর্তন এনে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই এর প্রতিকার করবে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও দলটি কার্যত জাতির সঙ্গে প্রতারণা করছে। সংস্কারের যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে, সেগুলো থেকে পেছনে সরে যাওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
আখতার হোসেনের দাবি, বিএনপি প্রকৃত অর্থে সংস্কার বাস্তবায়ন করতে চায় না। এ কারণেই জুলাই সনদ নিয়ে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সংবিধান সংশোধন কমিটি একদলীয় হওয়ায় তা গণভোটের রায়ের সঙ্গে প্রতারণার শামিল। এই কমিটির মাধ্যমে সাংবিধানিক সংকটের সমাধান হবে না; বরং সংস্কারের উদ্যোগ বাধাগ্রস্ত হবে। বারবার আহ্বান জানানো সত্ত্বেও এনসিপি এই কমিটিতে যোগ দেয়নি।
‘বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ’
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার বলেন, একজন ব্যক্তির অভিলাষ পূরণের উদ্দেশ্যে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। তাঁর মতে, এটি জাতির সঙ্গে প্রতারণার পাশাপাশি নিজেদের সঙ্গেও আত্মপ্রবঞ্চনা।
তিনি অভিযোগ করেন, বিএনপি মুখে জুলাইয়ের কথা বললেও কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের রেখে যাওয়া কাঠামো টিকিয়ে রাখছে। তাঁর ভাষায়, ‘বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ।’
সারোয়ার তুষারের দাবি, বিএনপি দুর্বল আওয়ামী লীগের মতো টিকে থাকতে চায় এবং আগামী নির্বাচন নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে। এ কারণেই দলটি জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহী নয় বলে মন্তব্য করেন তিনি।
অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে বিরোধীদের আন্দোলন গণ-আন্দোলনে রূপ নিতে পারে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।