
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী, সেখানে ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। পুরো কমপ্লেক্সে থাকবে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
৩১ একরের বেশি জায়গায় ১৪টি ভবন
প্রস্তাব অনুযায়ী, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নতুন সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলা হবে। এ জন্য স্থাপত্য অধিদপ্তর একটি ধারণাগত স্থাপত্য নকশা তৈরি করেছে।
মন্ত্রিসভার অনুমোদিত প্রস্তাবের পেছনে রয়েছে একনেকের সভায় নেওয়া সিদ্ধান্ত। ঢাকার শেরেবাংলা নগরের উন্নয়ন পরিকল্পনায় স্থপতি লুই আই কানের প্রণীত মহাপরিকল্পনা অনুসরণ করে নতুন সচিবালয়ের নকশা তৈরি করা হয়েছে।
পরিকল্পনা অনুসারে, তিনটি বেজমেন্টসহ মোট ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। সব ভবন মিলিয়ে ব্যবহারযোগ্য জায়গার পরিমাণ হবে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট।
পার্কিং, মসজিদ ও বহুমুখী হল
নতুন সচিবালয় কমপ্লেক্সে ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ মিলিয়ে মোট ৩ হাজার ৮০০টি গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। এর মধ্যে ২০০টি গাড়ির জন্য থাকবে ভূ-উপরিস্থ পার্কিং।
এ ছাড়া প্রস্তাবিত নকশায় একটি মসজিদ, ৩৫০ জন করে ধারণক্ষমতাসম্পন্ন দুটি বহুমুখী হল, একটি ক্যাফেটেরিয়া ও একটি ডাকঘর রাখার পরিকল্পনা রয়েছে।
কমপ্লেক্সের মোট জায়গার প্রায় ৩০ শতাংশ সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। ফলে প্রশাসনিক ভবনগুলোর পাশাপাশি উন্মুক্ত সবুজ এলাকা ও জলাধারও থাকবে নতুন সচিবালয় প্রাঙ্গণে।