
দীর্ঘ ১৭ বছর প্রবাসে অবস্থান করেও দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।
তিনি বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায় ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছাতে পেরেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন দুর্যোগে প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
রিজভীর ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও জেডআরএফ শিক্ষা, বিজ্ঞান ও মানবিক সহায়তামূলক নানা কার্যক্রম চালিয়ে গেছে। তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইন সায়েন্স এক্সিবিশনসহ ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করেছে সংগঠনটি।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসেবা দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে জেডআরএফ। এসব কার্যক্রমের লক্ষ্য অসহায় ও বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করা এবং তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।