
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে ‘দ্য সেন্ট রেজিস নিউইয়র্ক’-এ আয়োজিত অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যোগ দেন ডা. জুবাইদা। সেখানে তিনি মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক সমাবেশে বিশ্বনেতাদের জীবনসঙ্গী ও বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে শিশুদের মানসম্মত শিক্ষা, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং অনলাইনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

মেলানিয়া ট্রাম্পের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ আরও বিস্তৃত করা। এতে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে শিশুদের ভবিষ্যৎ, শিক্ষা ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রতি গুরুত্ব তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।
এর আগে গত মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা। ওই সম্মেলনে তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
মার্চে ওয়াশিংটন এবং সেপ্টেম্বরে নিউইয়র্কের আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুদের কল্যাণ, শিক্ষা ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের মতো বিষয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়টি আবারও সামনে এলো।