
দেশের বাজারে টানা ৯ দফায় দাম কমানোর পর এবার সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) রাতে নবম দফায় ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
চলতি মাসে দেশের বাজারে টানা তিন দফা দাম বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে আরও আট দফায় সোনার দাম কমায় বাজুস।
এর মধ্যে ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
পরবর্তী সময়ে ১৯ নভেম্বর সপ্তম দফায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ২০ নভেম্বর অষ্টম দফায় ১০ হাজার ৯৬৪ টাকা এবং ২১ নভেম্বর নবম দফায় ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। ধারাবাহিক এই দরপতনের পর সোমবার আবারও দাম বাড়ানোর ঘোষণা এলো।
সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৬ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে বাজুস মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।
এদিকে, দেশের বাজারে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।