
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।
গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী স্বীকৃত। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এই ব্যাংক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ সৃষ্টি করছে।
বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূসের অভিযোগ, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে মনে হয়, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর অপরিহার্য অবলম্বন।
তিনি আরও বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ড. ইউনূস বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে এসব হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার।
তিনি জানান, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।
গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্ন রাখতে এ নিরাপত্তা প্রয়োজন।
দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন ড. ইউনূস। যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সর্বোচ্চ পর্যায়ে এসব হামলার পরিকল্পনা করছে ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপর সরাসরি আঘাত।
দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।