
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার প্রস্তুতি চলছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীও জয়ের সম্ভাবনা কম জেনেও জোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে।
সংসদের অধিবেশন কক্ষে প্রকাশ্য ভোটগ্রহণ পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২৭ আগস্ট এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে সাংবিধানিক বিধান অনুযায়ী তাঁকে বিএনপির মহাসচিবের পদ ছাড়তে হবে। একই সঙ্গে মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করতে হবে তাঁকে। ফলে তাঁর রাষ্ট্রপতি হওয়া নিশ্চিত হলে বিএনপি ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, এ পরিস্থিতিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিতে পারেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনার কথা দলটি আগেই জানিয়েছে। ফলে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার আগ থেকেই নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা চলছিল। শুরুতে একাধিক নেতার নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এ বিষয়ে দলটির নেতারা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইছেন না। আগামীকাল বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য সমকালকে জানিয়েছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা এবং বিতর্কের ঊর্ধ্বে থাকার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি প্রার্থী বাছাই করা হচ্ছে। এসব বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই যোগ্য ও আস্থাভাজন প্রার্থী হিসেবে দলের অধিকাংশ নেতা মনে করছেন।