
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে সারা বিশ্বে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান তাদের কাছে কোনো অস্ত্র সহায়তা চায়নি।
আল-জাজিরার খবরে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
রাশিয়া ইরানকে অস্ত্র বা অন্য কোনো সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কি না— এমন প্রশ্ন করা হলে পেসকভ বলেন, এই বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। তিনি বলেন, “এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।”
উল্লেখ্য, গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিকে ইরানের বুশেহর এলাকায় অবস্থিত দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণের কাজ করছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের সময় ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে বলে আন্তর্জাতিক মহলে জানা যায়।