
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত ৫০০–রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন।
বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লারিজানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে সরাসরি সমালোচনা করেন। তার অভিযোগ, ইসরাইল–এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–র ‘ভাঁড়ামিপূর্ণ আচরণে’ প্রভাবিত হয়ে ট্রাম্প মার্কিন জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘মাত্র কয়েক দিনের মধ্যেই ৫০০–র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে—যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে, নাকি ইসরাইল?’
তবে এই দাবির সঙ্গে একেবারেই ভিন্ন তথ্য দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের হিসাবে, এ পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা মাত্র ছয়জন। তাদের মধ্যে চারজন কুয়েত–এ প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।
বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল–এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন বলে খবর আসে। সরকারি তথ্য অনুযায়ী, টানা চার দিনের সংঘর্ষে প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছেন।
এই প্রেক্ষাপটে লারিজানি সংক্ষিপ্ত এক বার্তায় আরও সতর্ক করে দেন। তিনি বলেন, ‘গল্প এখানেই শেষ নয়।’
আরও কড়া সুরে তিনি বলেন, ‘ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ।’