
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি দাবি। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, তারা একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ডস (আইআরজিসি) দাবি করেছে যে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছাকাছি একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ এই দাবির সত্যতা নাকচ করেছে।
আইআরজিসির উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, দুই আসনের এই যুদ্ধবিমানটি ‘টার্গেট করা হয়েছে এবং ধ্বংস হয়েছে’। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘বুধবার সকালে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এমন সামাজিক মাধ্যমে প্রচারিত গুজব ভিত্তিহীন এবং সঠিক নয়।’