
ট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন ভুল করে তার নবজাতক শিশুকে পুশ করার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। স্বজনদের দাবি, ইনজেকশন দেওয়ার আগে তারা নার্সকে বাধা দিলেও তাদের কথা না শুনেই শিশুটিকে ইনজেকশন দেওয়া হয়।
চট্টগ্রামের সিএসসিআর (সেন্টার ফর স্পেশালিস্ট কেয়ার অ্যান্ড রিচার্জড) ডায়াগনস্টিক ও হসপিটালে শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। বিষয়টি রোববার (৬ সেপ্টেম্বর) জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে অভিযুক্ত নার্স সাফিয়া আকতারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সালাহউদ্দিন মাহমুদ রোববার সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, শনিবার সকালে এক নারী হাসপাতালে ভর্তি হওয়ার পর বিকেলে সন্তান প্রসব করেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী মাকে দেওয়ার জন্য নির্ধারিত এনটি-ডি ইনজেকশনটি ভুল করে নবজাতককে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, পর্যবেক্ষণের জন্য রোববার দুপুরে নবজাতককে এনআইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিকেলে এ বিষয়ে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। শিশুটির চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে এবং বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শিশুটির বাবা মো. হাসান সাংবাদিকদের বলেন, “আমার স্ত্রী নার্সকে বলেছিল, ওই ইনজেকশনটি আমার (স্ত্রী) জন্য, আমার বাচ্চাকে কেন দিচ্ছেন। কিন্তু নার্স উল্টো তাকে ধমক দিয়ে বলেন, আপনি কি আমার ডিউটি করেন? এরপর মায়ের নিষেধ সত্ত্বেও আমার নবজাতক শিশুকে ইনজেকশনটি দিয়ে দেয়।”
তিনি আরও বলেন, “শুনেছি ওই নার্স মাত্র দুই মাস আগে এখানে যোগ দিয়েছে। সে অনভিজ্ঞ হলে তাকে কেন এমন দায়িত্ব দেওয়া হল? শুধু নার্সের বিচার করলে হবে না, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষেরও দায় আছে। আমাদের বাচ্চাকে জীবন-মৃত্যুর ঝুঁকিতে ফেলা হয়েছে।”
এদিকে পাঁচলাইশ থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে ভুল করে নবজাতককে ওই ইনজেকশন পুশ করার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা স্বীকার করেছেন।