
খাগড়াছড়িতে সেফটি ট্যাংকের মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি গোলা পাওয়া গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় পাহাড়ের পাশে মাটি খননের সময় গোলাটি দেখতে পান স্থানীয় বাসিন্দা মোঃ বেলাল হোসেন।
জানা যায়, মাটির প্রায় এক ফুট গভীরে গোলাটি দেখতে পেয়ে বেলাল হোসেন সেটি সম্ভাব্য বোমা বা বিস্ফোরক জাতীয় বস্তু ধারনা করে স্থানীয়দের জানান। পরে বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইবি সদর জোনের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।
পরে গোলাটি সম্ভাব্য বিস্ফোরক হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞদের মাধ্যমে শনাক্তকরণ ও বিধি অনুযায়ী নিরাপদে নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে। আগামী ২১ নভেম্বর বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণের সাহায্যে গোলাটি নিষ্ক্রিয় করার পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হিল আনসার সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার (অফিসার ইনচার্জ) ওসি মোহাম্মদ কায় কিসলু। তিনি জানান, মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার হয়েছে। এটি বর্তমানে নিরাপত্তাবাহিনীর তত্ত্বাবধায়নে আছে। সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা এটি নিষ্ক্রিয় করবেন বলে জানান তিনি।