-6b006a619ee1e.webp)
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভাঙারি বিক্রেতা ও একজন ক্রেতা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে রেললাইনের পাশে অবস্থিত রুহুল আমিনের ভাঙারির দোকানে এ বিস্ফোরণ ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাঙারি ক্রেতা রুহুল আমিন।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, শুক্রবার দুপুরে শহরের কাস্টম মোড় এলাকা থেকে একটি বস্তায় ভরে ভাঙারি মালামাল নিয়ে রুহুল আমিনের দোকানে যান সুমন। দোকানের সামনে বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আমিন দুজনই আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দা রাজন বলেন, জুমার নামাজ শেষে তাঁরা বাসায় ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে সুমন ও রুহুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, তা তাঁরা বুঝতে পারেননি। তবে শব্দ শুনে তাঁর মনে হয়েছে, শক্তিশালী কোনো বিস্ফোরকজাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, বিকেল সোয়া ৩টার দিকে বোমা বিস্ফোরণে আহত অবস্থায় সুমন ও রুহুল হাসপাতালে আসেন। তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুমনের বাঁ পায়ে গভীর ক্ষত হয়েছে। অন্যদিকে, রুহুলের ডান পায়েও আঘাত লেগেছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদস্যরা। ঘটনার কারণ অনুসন্ধানে সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি আহত দুজন সুস্থ হয়ে উঠলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের দেওয়া তথ্য এবং ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পর্যালোচনা করে বিস্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় কোনো বিস্ফোরক পদার্থের সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুপুরের দিকে ওই ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সুমন নামের এক ব্যক্তি বস্তাভর্তি ভাঙারি মালামাল নিয়ে রুহুলের দোকানে এসেছিলেন। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।