
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন কিছু ছবিতে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস-কে দেখে বিস্মিত হয়েছেন ভক্ত-সমর্থক থেকে বিশ্লেষকরা। আগের চেহারার সঙ্গে বড় ধরনের পার্থক্য চোখে পড়ায় শুরু হয় নানা আলোচনা।
সাম্প্রতিক ছবিগুলোতে স্টোকসকে অনেকটাই ক্ষীণকায় দেখা যাচ্ছে। তার মুখের গঠন আগের তুলনায় বেশি স্পষ্ট, শরীরের ওজনও কমে গেছে বলে মনে হচ্ছে। এই হঠাৎ পরিবর্তনের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও এর পেছনে রয়েছে গুরুতর একটি ইনজুরি।
স্টোকস নিজেই জানিয়েছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর তিনি অত্যন্ত সংকটপূর্ণ অবস্থার মধ্যে পড়েছিলেন। তার ভাষায়, আঘাতটি এতটাই মারাত্মক ছিল যে সামান্য এদিক-সেদিক হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত, এমনকি জীবনহানির ঝুঁকিও ছিল। এই ঘটনার পর তার মুখে বড় ধরনের অস্ত্রোপচার করতে হয়।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্থায়ী বড় কোনো ক্ষতি ছাড়াই ফিরে আসতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন। তার কথায়, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠতে পেরেছেন।
অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে তার শারীরিক গঠনে এই দৃশ্যমান পরিবর্তন এসেছে। কয়েক মাস আগের তুলনায় তাকে এখন অনেকটাই ভিন্ন দেখাচ্ছে। কেউ বলছেন, তাকে আরও তরুণ লাগছে, আবার কেউ রসিকতা করে বলছেন—এ যেন স্টোকসের একেবারে নতুন সংস্করণ।