
ভোরের নীরবতা ভেঙে আবারও কেঁপে উঠল দেশের এক প্রান্ত। ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ সময় মনপুরা দ্বীপজুড়ে বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। ঘুম ভেঙে অনেক মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ বলেন, “ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে, যা মুসল্লিরা স্পষ্টভাবে অনুভব করেন।”
স্থানীয় সূত্র জানিয়েছে, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের মে মাসেও ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল।