
কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েন। পরিস্থিতি ঘিরে তাকে অবরুদ্ধ করার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। অনুষ্ঠানের সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।
পরবর্তীতে মাঠে গিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু করতে গেলে বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে মাঠে বসে পড়ে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ তাকে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যায়। এরপর সেখানে অধ্যক্ষের কক্ষের সামনেও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ চালায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সংসদ সদস্য পুলিশের সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন।
তবে এ ঘটনায় ভিন্ন দাবি করেছেন এমপি মুফতি আমির হামজা। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তাকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখে।
অন্যদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি এমপি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলোচনায় দেখতে পান। পরে তিনি পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবেই ক্যাম্পাস ত্যাগ করেন এবং অবরুদ্ধ করার অভিযোগ সঠিক নয় বলে জানান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।