
বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে কারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিয়মিত সময়েই কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। তবে কারখানায় প্রবেশের পর তারা কাজ বন্ধ করে দেন। পরে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কারখানা থেকে বের হয়ে নিজ নিজ বাসায় ফিরে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।