
ঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতার নাম সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেফতার করে। তাঁকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে সিরাজকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
এ সময় পুলিশের পিকআপ ভ্যানেও ভাঙচুর চালানো হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।