
কক্সবাজারের মহেশখালীতে জ্বালানি সংকট মোকাবিলায় আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
রোববার (৮ নভেম্বর) দুপুরে তাঁর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে। এ সময় মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকা ঘুরে দেখেন তাঁরা।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মুখ্য সচিব জানান, মহেশখালীর সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে ল্যান্ডবেইজ আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহায়ক হবে।
মাতারবাড়ীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে তিনি বলেন, তাঁদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
এবিএম আবদুস সাত্তার আরও বলেন, বর্তমান সরকারের সময়ে মাতারবাড়ীতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প নেওয়া হবে। গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ শেষ হলে দেশের অর্থনীতি ও উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।