.jpg)
নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের সামিউল ইসলাম (৩২)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
সামিউল ইসলাম নীলফামারী-৪ আসনের সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. মনজুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বিয়ের দিনেও ভোট দিতে আসার সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন।
ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।”
কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের ভাষ্য, সামিউলের মতো সচেতন তরুণদের কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। তার এই উদ্যোগ অন্যদেরও ভোটদানে উৎসাহিত করবে বলে তারা মনে করেন।
