
ফেসবুকে ‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’—এমন পোস্ট দেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগের একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
গ্রেফতার আসাদ মোল্লা (৩০) উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’—এমন একটি পোস্ট দেন আসাদ মোল্লা। এর জেরে রোববার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁকে আটক করেন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
ওসি মো. রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।