
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী শিল্পী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। ২০২৬ সালের আয়োজনে তিনটি পুরস্কার জিতে তাঁর মোট ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। এর মধ্য দিয়ে ৩০টি পুরস্কার নিয়ে এত দিন রেকর্ডটি নিজের দখলে রাখা বিয়ন্সেকে ছাড়িয়ে গেছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় এবারের ভিএমএ আয়োজন। সংগীতের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা ও দৃশ্যভিত্তিক গল্প বলার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সুইফটকে দেওয়া হয় ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পুরস্কার। নতুন প্রবর্তিত এই সম্মাননার প্রথম প্রাপকও তিনি।
পুরস্কার গ্রহণের সময় মিউজিক ভিডিও নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে মঞ্চ তৈরি করে দেওয়ায় এমটিভিকে ধন্যবাদ জানান সুইফট। একই সঙ্গে নিজের কাজকে আনন্দময় করে তোলার কৃতিত্ব দেন ভক্তদের।
অনুষ্ঠানে সুইফটের পরিচালনায় নির্মিত ‘পেশেন্ট জিরো’ গানের মিউজিক ভিডিওর বিশ্ব প্রিমিয়ার হয়। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও কলিন ফ্যারেল।
এবারের আয়োজনে ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা মিউজিক ভিডিওর পুরস্কারও জিতেছেন সুইফট। পাশাপাশি ‘ওপালাইট’ ভিডিওর জন্য পেয়েছেন সেরা পরিচালনার পুরস্কার। সব মিলিয়ে এবারের আসরে তিনটি পুরস্কার যোগ হয়েছে তাঁর অর্জনের তালিকায়।
প্রায় দুই দশকের ক্যারিয়ারে ৬০টির মতো মিউজিক ভিডিও নির্মাণে যুক্ত হয়েছেন সুইফট। এর মধ্যে ১৮টি ভিডিওর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন নিজেই। নতুন এই সম্মাননার মধ্য দিয়ে মিউজিক ভিডিও নির্মাণ ও পরিচালনায়ও নিজের অবদান তুলে ধরেছেন এই পপ তারকা।