
মাঠে উত্তপ্ত মুহূর্তে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে ফেললে সরাসরি লাল কার্ড—এমন কঠোর নিয়মই আসছে ২০২৬ বিশ্বকাপে। ফুটবলে শৃঙ্খলা বজায় রাখতে নতুন এই বিধান অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বিশেষ বৈঠকে ফিফার প্রস্তাবিত দুটি নতুন নিয়মে সম্মতি দেওয়া হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো খেলোয়াড় যদি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় নিজের মুখ ঢেকে রাখেন, সেটিকে সন্দেহজনক আচরণ হিসেবে ধরা হবে। এমন ক্ষেত্রে প্রতিযোগিতা আয়োজকদের বিবেচনায় রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। মূল লক্ষ্য হলো মুখ আড়াল করে বৈষম্যমূলক বা আপত্তিকর মন্তব্য করার প্রবণতা বন্ধ করা।
এছাড়া রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে মাঠ ছেড়ে চলে যাওয়া বা দলীয় কর্মকর্তাদের প্ররোচনায় খেলোয়াড়দের মাঠ ত্যাগের ঘটনাকেও কঠোরভাবে দমন করতে চায় আইন প্রণয়নকারী সংস্থাটি।
নতুন নিয়ম অনুযায়ী, এসব আচরণের ক্ষেত্রেও রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। এমনকি কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে নিয়ম অনুযায়ী সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে।
আইএফএবি জানিয়েছে, নিয়মগুলো শুরুতে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপ থেকেই এই বিধান কার্যকর হবে।