
আগামী সোমবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা চারদিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নেবেন। বাংলাদেশি পক্ষের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে।
সরকারি সূত্র জানায়, বৈঠকে সীমান্তে ভারত থেকে বাংলাদেশে লোক ঠেলে পাঠানো (পুশ ইন), সীমান্ত হত্যাকাণ্ড, মাদক ও অস্ত্র পাচার, সীমান্তবর্তী এলাকায় পণ্যের চোরাচালানসহ বিভিন্ন নিরাপত্তা বিষয় আলোচনায় আসতে পারে।
এছাড়া আন্তর্জাতিক সীমান্তরেখার ১৫০ গজের মধ্যে অননুমোদিত অবকাঠামো নির্মাণ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নও আলোচনার এজেন্ডায় থাকবে।
বুধবার এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, সীমান্ত অবকাঠামোগত সমস্যা, আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধ, একক-সারি বেড়া নির্মাণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও বৈঠকে আলোচনা হবে।
উল্লেখ্য, দুই দেশের মহাপরিচালক পর্যায়ের সর্বশেষ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয় গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে।