
বিএনপি সরকারের দুর্নীতির কারণে ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই দেশের মানুষ বিদ্যুৎ সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার আলহাজ শাহজাহান চৌধুরী এমপি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আগামী নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহজাহান চৌধুরী বলেন, জনগণের সঙ্গে যারা প্রতারণা করে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আসন্ন স্থানীয় নির্বাচনে জনগণ স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘জনগণের গণরায় বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জনগণ তাদের এ দুঃস্বপ্ন কখনো সফল হতে দেবে না।’
শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘তারা শেখ হাসিনার বিচার করার সাহস পায় না। অথচ দেশের অধিকাংশ জনগণ হাসিনার ফাঁসির দাবিতে রাজপথে জীবন দিতে প্রস্তুত।’
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের দুর্নীতির ফলে ছয় মাসের মাথায় জনগণ বিদ্যুৎ পায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।’
আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, তৃণমূল পর্যায় থেকে সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে বিজয় অর্জনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, আ ক ম ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।