
জাতীয় সংসদের শূন্য সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী রোববার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান তাঁর মনোনয়ন প্রত্যাহার না করায় ‘জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪’ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় একমাত্র প্রার্থী থাকায় এই আসনে আর ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না। ফলে শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। সেদিন তিনি জানিয়েছিলেন, একাধিক প্রার্থী না থাকায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে।
বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী, এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার।