
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে চারটি মামলায় দণ্ডিত হওয়ায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে পৃথক চারটি আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৮ নভেম্বর মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা দেওয়া হয়। একই দিনে আরেকটি দ্রুত বিচার আইনের মামলায় একই শাস্তি প্রদান করা হয়।
এরপর ২০২৩ সালের ১২ নভেম্বর মিরপুর মডেল থানার পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়।
এর আগের ২৬ অক্টোবর একই থানার এক মামলায় তাকে দেড় বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়েছিল।
এই আদেশ অনুযায়ী, মামুন হাসান এখন আদালতের নির্দেশক্রমে কারাগারে অবস্থান করবেন।