
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর উপকূলীয় এলাকা থেকে বন্দরনগরী মোখা পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান হুথিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের সৌদি আরব-সমর্থিত সরকার। একই সঙ্গে রাজধানী সানায়ও ‘কৌশলগত আক্রমণ’ শুরু করার কথা জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
সোমবার (৫ অক্টোবর) ইয়েমেন সরকার জানায়, বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ তারা পুনরুদ্ধার করেছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত এই জলপথ থেকে ইরান-সমর্থিত হুথিদের সরিয়ে দেওয়াই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছে সরকার।
সামরিক বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্যে বলা হয়েছে, মোখার আশপাশের কয়েকটি ফ্রন্টে তীব্র লড়াই হয়েছে। এসব সংঘর্ষে বেশ কয়েকজন হুথি যোদ্ধা নিহত ও আহত হয়েছে। পাশাপাশি কয়েকজনকে আটক করার কথাও জানিয়েছে সামরিক সূত্র। তবে নিহত, আহত ও আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
ধুবাব দখলের দাবি, বিচ্ছিন্ন করা হয়েছে সরবরাহপথ
সরকারি বাহিনী এর আগে জানিয়েছিল, পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের ধুবাব জেলা এবং বাব আল-মান্দেবের কাছাকাছি কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ তারা ফিরিয়ে নিয়েছে।
সরকারি বাহিনীর বিবৃতি অনুযায়ী, হোমল্যান্ড শিল্ড ফোর্সেস ও জায়ান্টস ব্রিগেড যৌথভাবে ধুবাব জেলার বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান ও চলাচল লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালায়। অভিযানের সময় সরকারি বাহিনী সামনে এগিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান দখলে নেয়।
সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানের মাধ্যমে বাব আল-মান্দেবের দিকে যাতায়াতের সড়ক এবং হুথিদের সরবরাহের গুরুত্বপূর্ণ পথ বিচ্ছিন্ন করা হয়েছে।
ইরান-ইসরাইল সংঘাতের মধ্যেই ইয়েমেনে নতুন লড়াই
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সংঘাত এবং এর প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যেই ইয়েমেনে হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে সামরিক অভিযানের মাধ্যমে হুথিরা পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের মোখা এবং পরে বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল বলে দাবি করা হয়। এবার পাল্টা অভিযানে সেসব এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকারি বাহিনী।
২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের মধ্যে বাব আল-মান্দেবের মতো গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই নতুন করে আঞ্চলিক গুরুত্বও তৈরি করেছে।