
বাগেরহাট শহরে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে বাগেরহাট শহরের বানেবাড়ি এলাকায় নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আম্মার (১৮) পিরোজপুরের কদমতলা এলাকার এইচ এম তাসলিম মাহমুদের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মা মাহফুজা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা হাতেম আলীর বাড়িতে থাকতেন আম্মার। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মামাতো ভাই আলী আব্দুল্লাহ সেখানে বেড়াতে যান। রাতের খাবারের পর কোনো তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আলী আব্দুল্লাহ ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে আম্মারকে এলোপাতাড়ি আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা আম্মারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর মডেল থানার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নিহতের বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর শুক্রবার (১৫ মে) দুপুরে অভিযুক্ত আলী আব্দুল্লাহকে আটক করে পুলিশ। তিনি বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার মাহমুদ উন্নবীর ছেলে।
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।