
ফ্রান্সের তিনটি আঞ্চলিক ব্লাড ব্যাংকের রক্ত সংরক্ষণ ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে রক্ত সংরক্ষণের শীতলীকরণ কক্ষগুলোর তাপমাত্রা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হয়েছে। তবে এ ঘটনার কারণে রক্তের সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার ও সোমবারের মধ্যবর্তী রাতে এ হামলার ঘটনা ঘটে। একই সময়ে সুইডেন থেকে বেলজিয়াম পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের হিমাগারেও সাইবার হামলা চালানো হয়।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির ব্লাড ব্যাংক পরিচালনাকারী সংস্থা ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্টের (ইএফএস) কয়েকটি আঞ্চলিক স্থাপনায় সাইবার নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। এতে কয়েকটি শীতলীকরণ কক্ষের তাপমাত্রা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের প্রযুক্তিগত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
ইএফএসের মুখপাত্র চার্লি দুবোয়া জানান, হামলার কারণে রক্ত সরবরাহের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। সার্বক্ষণিক দায়িত্বে থাকা কর্মীরা বিভিন্ন সতর্কবার্তার মাধ্যমে সমস্যাটি শনাক্ত করেন। এরপর আক্রান্ত হিমাগারে সংরক্ষিত রক্ত দ্রুত অন্য নিরাপদ ফ্রিজে স্থানান্তর করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রান্ত ফ্রিজগুলোর দূরবর্তী প্রবেশের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। কী পদ্ধতিতে হ্যাকাররা হামলা চালিয়েছে, কোন কোন সরঞ্জাম এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কখন সেগুলো পুনরায় নিরাপদে চালু করা সম্ভব হবে, তা জানতে তদন্ত চলছে।
এর আগে একই সময়ে ইউরোপের আটটি দেশের বিভিন্ন সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় হস্তক্ষেপ করে হ্যাকাররা। এর ফলে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট করতে বাধ্য হন ব্যবসায়ীরা। গত মাসেও ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের হিমাগার নিয়ন্ত্রণে নিয়ে আগুন লাগানো এবং খাদ্যপণ্য নষ্ট করার ঘটনা ঘটেছিল।
ইউরোপজুড়ে ধারাবাহিক এসব সাইবার হামলা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে ইউরোপে নিরাপত্তা পরিস্থিতির যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে এ ধরনের প্রযুক্তিগত দুর্বলতা আরও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসছে।