
ফেসবুকে প্রোফাইল লাল করার বিষয়কে কেন্দ্র করে বিরোধীদের উদ্দেশে কড়া মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন।
সংসদে রেহানা আক্তার রানু বলেন, “যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে তাদের জীবনটা কালো করে ছাড়বে।” তিনি আরও বলেন, বিরোধীদের আন্দোলনের আহ্বান দেশের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
বক্তব্যে তিনি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক অনৈক্যের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
একই আলোচনায় তিনি অতীত রাজনৈতিক সহিংসতা ও কথিত নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন এবং কিছু ঘটনার বিচার দাবি করেন।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করছাড়ের প্রশংসা করেন এবং বাজার নিয়ন্ত্রণ আরও জোরদার করার আহ্বান জানান। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকের অর্থ ফেরত নিশ্চিত করার দাবিও জানান তিনি।
এ ছাড়া স্বাস্থ্যখাত, স্থানীয় উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এই সংসদ সদস্য। ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ফ্লাইওভার ও গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিও জানান তিনি।