
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পুরো জেলায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসানো হয় এবং সেনাবাহিনীর ছয়টি ইউনিট টহল কার্যক্রম চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্যদেরও মোতায়েন করা হয়।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথেই জবাব দেবে।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘পুরো নারায়ণগঞ্জেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’