
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বদলি ও একটি মাজার সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে চলমান আলোচনা ও অনুমানভিত্তিক ব্যাখ্যার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বদলির সঙ্গে মাজার ইস্যু জড়িয়ে দেখার সুযোগ নেই।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আপনি সিলেটের ডিসিকে ট্রান্সফার করার কথা বলছেন এবং সেখানে একটা মাজারে তার একটা পদক্ষেপকে রিলেট করার কথা বলছেন। এটা কেউ কেউ করছেন অনলাইনে। এটাকে আমরা এভাবে কেন বলবো? মানে ঘটনাটা এটার পরে ঘটেছে বলেই এই ধরনের একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়তো আছে।’
তিনি আরও বলেন, ‘একটা গোষ্ঠীও আছে যারা এটাকে এভাবে ফ্রেম করতে চেষ্টা করছে, সরকারের ট্রান্সপারেন্সি যেমন থাকবে সরকার তার জুডিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সবসময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না। এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। আর এই ব্যাপারে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলাই হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। এর বেশি আসলে আর কিছু বলার থাকবে এরকম না। কারণ স্পেকুলেশন নানান রকম করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন যাই করি, যাই ঘটাই না কেন, নানান স্পেকুলেশন করতে থাকে। আমাদের সোশ্যাল মিডিয়াতে নানান রকম ইন্টারেস্ট গ্রুপ আছে। আর সরকারের বক্তব্য যেটা, সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে এবং আমি মনে করি না— এই ধরনের কোনও ইস্যু আছে।’
মাজারের দানের টাকার স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারেরও কোনো দ্বিমত নেই, স্বচ্ছতা থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।