
বিদেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পথ খুঁজতে গবেষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে বাংলাদেশিদের অপহরণ ও নির্যাতন এবং দালাল চক্রের প্রতারণাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের ভোগান্তির বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি প্রবাসীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকেও সরকার অগ্রাধিকার দিচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ নোটিশটি দেন।
নোটিশে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন, দালালদের প্রতারণা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, গামকা মেডিকেল পরীক্ষায় অনিয়ম, বিএমইটির দুর্নীতি, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো, দূতাবাসের মাধ্যমে সরাসরি সহায়তা এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের সরকারি সহযোগিতাসহ মোট ১০টি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
জবাবে প্রতিমন্ত্রী নুর বলেন, প্রবাসীদের সমস্যাগুলো বাস্তবভাবে চিহ্নিত করা হয়েছে। এসব বিষয় জানতে তাকে স্টাডি করতে হয়েছে এবং এক ধরনের গবেষণার মধ্য দিয়ে যেতে হয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাদের শুধু বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করাই নয়, পাশাপাশি সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
প্রতিমন্ত্রী নুর আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রবাসীদের কর্মসংস্থানের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই প্রতিশ্রুতির আলোকে কর্মসংস্থানের পাশাপাশি প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাকে সরকারের অন্যতম বড় অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে।