
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে তাঁকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার পর বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। এতে প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত হচ্ছে।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে।
পাইলট জানান, ত্রুটি শনাক্ত ও সমাধানে দুজন প্রকৌশলী কাজ করছেন। কারিগরি সমস্যা মেরামত করা হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা ওই বিমানে রয়েছেন।
এর আগে গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।