
বিয়ের পর স্বামীর সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন ১৮ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, স্বামী মোটরসাইকেল পার্ক করতে গেলে অন্য এক তরুণের বাইকে চড়ে সেখান থেকে চলে যান তিনি। ঘটনার ২০ দিন পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ।
ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র চিড়িয়াখানায় গত ৬ অক্টোবর এ ঘটনা ঘটে। চিড়িয়াখানার প্রবেশপথের কাছে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক তরুণের মোটরসাইকেলের পেছনে বসে ওই তরুণীকে চলে যেতে দেখা যায়। পরে ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডট কমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শিবপুরী জেলার নারওয়ার এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী ওই তরুণ বিয়ের পর স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে পৌঁছে স্ত্রীকে প্রবেশপথের কাছে অপেক্ষা করতে বলে মোটরসাইকেল পার্ক করতে যান তিনি। কয়েক মিনিট পর ফিরে এসে স্ত্রীকে আর সেখানে দেখতে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে স্ত্রীকে অন্য এক তরুণের মোটরসাইকেলে চড়ে চলে যেতে দেখেন স্বামী। ফুটেজে থাকা মোটরসাইকেলচালককে আরমান খান বলে শনাক্ত করেন তিনি। তাঁর অভিযোগ, ওই তরুণের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পরে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ করেন তিনি।
পুলিশ তরুণীকে খুঁজে পাওয়ার পর তাঁর নিখোঁজ হওয়ার কারণ জানতে চায়। তবে তরুণীর বক্তব্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির কাছ থেকে তিনি লিফট নিয়েছিলেন। তাঁদের মধ্যে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল কি না, কিংবা তিনি স্বেচ্ছায় ওই ব্যক্তির সঙ্গে চলে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গ্বালিয়রের চিফ সুপারিনটেনডেন্ট অব পুলিশ (সিএসপি) রবিন জৈন জানান, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের ইচ্ছায় যেকোনো জায়গায় যাওয়ার অধিকার তাঁর রয়েছে। তবে তাঁকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়ে থাকলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা হবে। তাঁকে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী ধাপে আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে। আদালতে দেওয়া বক্তব্য ও তদন্তের তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তরুণী কী পরিস্থিতিতে স্বামীর কাছ থেকে আলাদা হয়েছিলেন এবং আরমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক কী, তা আদালতে দেওয়া জবানবন্দি ও তদন্তের পর আরও স্পষ্ট হতে পারে বলে জানিয়েছে পুলিশ।